‘বিএনপির রূপরেখা হাস্যকর স্ট্যান্টবাজি’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ২:১৩:২৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: রাষ্ট্র মেরামত করতে বিএনপি ২৭ দফা রূপরেখা প্রকাশ করেছে। বিএনপির এই রূপরেখাকে হাস্যকর স্ট্যান্টবাজি বলে অভিহিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, যারা ধ্বংস করে তারা মেরামত করবে কেমন করে? এটা নতুন কিছু নয়। এটা একটা হাস্যকর স্ট্যান্টবাজি। বিএনপি ২০৩০ ভিশন দিয়েছিল, সেটা এখন ডিপফ্রিজে। তারা এরকম একটা স্ট্যান্টবাজি করছে। এতে মানুষ বিভ্রান্ত হবে। আন্দোলন জমবে বলে আমরা বিশ্বাস করি না।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে খাদ্য উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত নিয়ে গিয়েছিল, শেখ হাসিনার দৃঢ়তার কারণে বাংলাদেশ আজকে সমৃদ্ধ। বিএনপি ভোট চুরি করেছে। গণতন্ত্রের নামে হ্যাঁ- না ভোট করে ধ্বংস করেছে মুক্তিযুদ্ধের চেতনা। যারা ধ্বংস করে তারা মেরামত করবে কেমন করে?
বিএনপিকে মিথ্যাচারের হোতা আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, তাদের মুখে সত্য বেমানান। বিএনপিকে কেউ বিশ্বাস করে না। ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাধারণ নেতাকর্মীরা মাঠে রয়েছে কিন্তু সাধারণ মানুষকে তারা এখনো সম্পৃক্ত করতে পারেনি। দেশের মানুষ এখনো বিশ্বাস করে মুক্তির কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বেই সংকটকে সম্ভাবনায় রূপ দিয়ে দেশ এগিয়ে যাবে।
সম্মেলনে খাদ্য উপকমিটির উপর অর্পিত দায়িত্ব সুশৃঙ্খল ও ধৈর্য্যের সঙ্গে পালন করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নেত্রী ঘোষণা দিয়েছেন, আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো তাই আমাদেরও সকল কাজে স্মার্টনেস প্রদর্শন করতে হবে।




