আবর্জনা ২৪ ঘণ্টায় হবে জৈব সার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২২, ৫:০৩:৫১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বর্জ্য থেকে জৈব সার তৈরির প্রযুক্তি আনছে এসিআই ফার্টিলাইজার লিমিটেড। এই প্রযুক্তিতে বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদন করে বাজারজাত করতে চায় প্রতিষ্ঠানটি। ইকোডাইজেস্টার (Eco digester) নামের এই যন্ত্র বা প্রযুক্তিটি দেশে আনতে আলোচনা চলছে নেদারল্যান্ডসের সঙ্গে। আর প্রযুক্তিটি দেশে আনার পর পাইলট প্রকল্প হিসেবে চালু করতে রাজশাহী সিটি করপোরেশনসহ বেশকিছু সংস্থার সঙ্গে এসিআই আলোচনা চালু রেখেছে।
এসিআই বলছে, ইকোডাইজেস্টার দিয়ে পচনশীল সব ধরনের ময়লা প্রক্রিয়াজাত করা সম্ভব। এই যন্ত্রের মাধ্যমে ময়লা প্রক্রিয়াজাত করে জৈবসার তৈরিতে সময় লাগে মাত্র ২৪ ঘণ্টা। ময়লাগুলোকে এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে প্রক্রিয়াজাত করার পরই তা জৈবসারে রূপান্তরিত হবে। ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের এই একটি যন্ত্র দিয়ে প্রতিদিন ৫ থেকে ১০ টন জৈব সার তৈরি করা সম্ভব। দেশে এই প্রযুক্তি চালু করা সম্ভব হলে ব্যর্জ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বিশ্বের বিভিন্ন দেশেই বর্জ্য ব্যবস্থাপনার টুল হিসেবে ব্যবহার করা হয় ইকো ডাইজেস্টার, যেখান থেকে একইসঙ্গে পাওয়া যায় জমির উর্বরতা বাড়ানোর উপাদান জৈব সার। নেদারল্যান্ডসে এই প্রযুক্তিটির বহুল ব্যবহার রয়েছে। প্রযুক্তিটি সেখান দেশে আনতে এসিআই সরাসরি কাজ করলেও সার উৎপাদনের মডেলটি কিছুটা ভিন্ন। দেশের সিটি করপোরেশনগুলোর সঙ্গে এ বিষয়টি নিয়ে কাজ করতে চায় এসিআই। তাদের পরিকল্পনা— সিটি করপোরেশন তাদের ময়লা দিয়ে এসিআইয়ের নিয়ে আসা প্রযুক্তি ব্যবহার করে জৈব সার বানাবে। বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে এসিআই তা গ্রাহকদের কাছে পৌঁছে দেবে।
এসিআই ফার্টিলাইজারের বিজনেস ডিরেক্টর বশির আহমেদ বলেন, এই যন্ত্র দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ময়লা জৈব সারে পরিণত হবে। এর জন্য নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন হয়। ইউরোপের দেশগুলোতে যন্ত্রটির বহুল ব্যবহার রয়েছে। আমাদের দেশে বিভিন্ন মার্কেটে বা ক্যাম্পাসেও এটি বসানো যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মেশিনটি নিয়ন্ত্রণযোগ্য। ১০ টন ময়লা পরিষ্কারের ধারণক্ষমতার এই যন্ত্র বসাতে তিন থেকে চার কোটি টাকা খরচ হবে।
ময়লা থেকে জৈব সার উৎপাদনে এই যন্ত্রের ব্যবহার কীভাবে হবে— এ বিষয়ে বশির আহমেদ বলেন, আমরা ঢাকা সিটি করপোরেশন ও রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করেছি। ঢাকা সিটি করপোরেশন বলেছে, ময়লা ব্যবস্থাপনা নিয়ে তাদের একটি বড় পরিকল্পনা চলছে। তবে রাজশাহী সিটি করপোরেশন আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তাদের সঙ্গে আমাদের বৈঠকও হয়েছে। ধরাবাহিকভাবেই অন্যান্য সিটি করপোরেশনগুলোর সঙ্গেও কাজ করতে চাই আমরা।
এসিআইয়ের এই কর্মকর্তা বলেন, নেদারল্যান্ডসের একটি কোম্পানির সঙ্গে আমাদের আলোচনা চলছে। সেখানকার প্রতিনিধিরা কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। এরপর আমরা সব অংশীজনদের নিয়ে বৈঠক করব। এরপর আমরা কাজ শুরু করব। এই উদ্যোগে নেদারল্যান্ডস আমাদের প্রযুক্তিগত সহায়তা দেবে।
বশির আহমেদ আরও বলেন, আমরা এখনো পাইলটিং নিয়ে কিছু চূড়ান্ত করতে পারিনি। তবে এই যন্ত্র বসাতে পারলে ময়লা ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসবে। আর এই প্রযুক্তিতে প্লাস্টিক জৈব সারে পরিণত হবে না। এক ধরনের স্ক্যানার দিয়ে প্লাস্টিক আলাদা করে ওই ময়লা ইকোডাইজেস্টারে প্রবেশ করাতে হবে।
এসিআই বলছে, প্রাথমিক যে পরিকল্পনা তাতে এটি বর্জ্য ব্যবস্থাপনার একটি মডেল। আর বর্জ ব্যবস্থাপনায় কাজ করে সিটি করপোরেশন। এ কারণে এই প্রক্রিয়ায় সিটি করপোরেশনকে যুক্ত করতে পারলে সেটি কার্যকর হবে। সেক্ষেত্রে সিটি করপোরেশনগুলো রাজি থাকলে তাদের ভাগাড়ে এই যন্ত্র দিয়ে সার তৈরি করা হবে এবং নির্দিষ্ট দামে কিনে নিয়ে এসিআই তা বাজারজারত করবে।
এসিআই আরও জানিয়েছে, যন্ত্রটি কিনতে দাম পড়বে দুই থেকে তিন কোটি টাকা। যন্ত্রটি দিয়ে মূলত ময়লার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া ছিটানো হবে। সেই ব্যাকটেরিয়া ছিটানোর ২৪ ঘণ্টার মধ্যেই ময়লা পরিণত হবে জৈব সারে। সেই সার কৃষকেরা ফসলের মাঠে ব্যবহার করতে পারবেন।




