অতীতের ভুলের চড়া মূল্য দিতে হয়েছে, তাদেরকে পার্লামেন্টে আসতে দেয়া উচিত না: ইমরান খান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২২, ১২:১৬:৫০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ক্ষমতায় থাকাকালে তার দল পিটিআই কিছু ভুল করেছে। অতীতের এসব ভুলের জন্য ‘চড়া মূল্য’ দিতে হয়েছে। মঙ্গলবার লাহোরে দলীয় এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। খবর ডনের।
আগামী জাতীয় পরিষদ নির্বাচনে নিজের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে করেন ইমনার খান। তিনি বলেছেন, পুনরায় ব্ল্যাকমেইল এড়াতে তিনি কেন্দ্রে আর জোট সরকার গঠন করবেন না।
তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে দলের ‘আদর্শিক’ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
পাকিস্তানের সম্প্রতি সংকটের নেপথ্যে বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ইমরান খান বলেন, বিদেশিদের সঙ্গে এক হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধীরা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে।
তিনি বলেন, পিটিআই ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে সুপ্রিমকোর্টে গেছে। সেখানে দলের পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে— পার্লামেন্টে আজীবন নিষেধাজ্ঞা ছাড়াও তাদের কারাগারে পাঠানো উচিত।
ইমরান খানের ভাষায়, ‘আজ যদি আমরা এ বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে না দাঁড়াই তা হলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।’




