ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ : বৃটেনের মুক্তিযুদ্ধের সংগঠকদের সংবর্ধনা ও এওয়ার্ড প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২২, ১২:২৩:১৪ অপরাহ্ন
লন্ডন অফিস : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের উদ্যোগে ২৯ মার্চ মঙ্গলবার ১৯৭১ সালে বিলেতের মুক্তিযুদ্ধের সংগঠকদের আনুষ্ঠানিক স্বীকৃতি, সংবর্ধনা ও এনআরবি এওয়ার্ড প্রদান করা হয় ।
সংগঠনের সভাপতি ড: হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও সাবেক শিক্ষিকা মিসেস শাহেদা হোসেনের প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, জীবন্ত কিংবদন্তী,গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাইট অনারেবল স্টিফেন টিমস এমপি, বৃটিশ মিনিষ্টার গাই অপারমেন এমপি, আপসানা বেগম এমপি ও ফয়সল হোসেন চৌধুরী এসএমপি ।
অনুষ্ঠানের সফলতা কামনা করে বাণী দিয়েছেন- বৃটেনের রানী, বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ডেমিয়েন গ্রীন এমপি, নোবেল বিজয়ী ড: মুহাম্মদ ইউনুস, ছি অনউরা এমপি, ১৯৭১ সালের স্টিয়ারিং কমিটির সদস্য ড: কবির চৌধুরী।
অনুষ্ঠানে বৃটেনের ১০০ জন মুক্তিযুদ্ধের সংগঠকের নাম ঘোষণা করা হয়। উপস্থিত সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধের সংগঠকরা করতালির মাধ্যমে তাদের অভিবাদন জানান ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাউজ অব কমন্সের টেরেস প্যাভেলিয়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের ডিজি সাবেক ডেপুটি মেয়র ও কাউন্সিলার আ ম ওহিদ আহমদ, স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সৈয়দ নাদির আজিজ দারাজ, মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আফতাব আলী, মিসেস ফেরদৌসি রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৫০ জন মুক্তিযুদ্ধের সংগঠক ও তাদের প্রতিনিধির হাতে এওয়ার্ড ও স্বীকৃতি সনদ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি ডা: জাফরুল্লাহ চৌধুরী ১৯৭১ সালের স্মৃতিচারণ করে বলেন- ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ একটি ঐতিহাসিক কাজ করেছে। তিনি তাদেরকে ধন্যবাদ জানান। তিনি ১৯৭১ সালে বৃটেনের রানী ও সরকারের মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
অনুষ্ঠানে সমগ্র যুক্তরাজ্য থেকে সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন ।



