দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২২, ২:৩৫:৪৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে উচ্চ পর্যায়ের ১৭ সদস্যবিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা হিসাবে রয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার (২৭ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে টাস্কফোর্স গঠনের বিষয়টি জানানো হয়েছে। ১৭ সদস্যের এ প্যানেল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। একইসঙ্গে, কমিটি বাজারে পণ্যের দাম কমাতে সরকারি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ করবেন।
কমিটির সদস্যরা হলেন- বাণিজ্যমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন চেয়ারম্যান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিজিএফআই মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ চেয়ারম্যান, এফবিসিসিআই সভাপতি, যুগ্মসচিব (আইআইটি-২) বাণিজ্য মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/প্রতিষ্ঠানকে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবে। এছাড়াও, নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা এবং আন্তর্জাতিক বাজার দর ও আমদানি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। কোনো পণ্যের মূল্য বৃদ্ধি বা সরবরাহ চেনে অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব হলে ‘দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল’ থেকে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি পণ্য উৎপাদন, পরিশোধন ও আমদানি হতে স্থানীয় পর্যায়ে বিক্রয় পর্যন্ত সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে এবং নিত্যপণ্যের সরবরাহ চেন স্থিতিশীল রাখার বিষয়ে কার্যক্রম গ্রহণ।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবে। বর্ণিত কার্যাবলির সঙ্গে প্রাসঙ্গিক বা আনুষঙ্গিক অন্য সব প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করার পাশাপাশি কমিটি প্রতি মাসে অন্তত এক বার সভা করবে। এছাড়াও কমিটি প্রয়োজনে অন্য সদস্য কো-অপ্ট করতে পারবে। এছাড়াও প্রজ্ঞাপনে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক গঠিত টাস্কফোর্স কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দফতরের একজন উপযুক্ত প্রতিনিধি জরুরি ভিত্তিতে মনোনয়ন দিয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।




